অ্যাকসেন্টেক-এফআইসিসিআইয়ে কর্পোরেট ফুটবলের যাত্রা শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৪:১৩ পিএম

ঢাকার সাঁতারকুলে সান ভ্যালি আবাসনের নাটমেগ ফিল্ডে বর্ণাঢ্য এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো “অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর ব্যানারে এবং নাটমেগের আয়োজনে দেশের অন্যতম এই প্রধান কর্পোরেট ফুটবল প্ল্যাটফর্মের নতুন আসর শনিবার যাত্রা শুরু করে।

টুর্নামেন্টের সূচনালগ্নে কর্পোরেট খাতের শীর্ষস্থানীয় বহু ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও এম. এইচ. এম. ফাইরোজ, এসটিএস ক্যাপিটালের সিইও মানাস সিং, এ অ্যান্ড ই-র গ্লোবাল প্রেসিডেন্ট ক্রিস অল্ট, অ্যাক্সেনটেকের এমডি ও সিইও মো. আদিল হোসেন, এফআইসিসিআই-এর নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবির এবং নাটমেগের এমডি মাহবুব আলম। অতিথিবৃন্দ কর্পোরেট খেলাধুলার মাধ্যমে দলগত দক্ষতা, নেতৃত্ব ও সংহতি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এবারের আসরে ২০টি শীর্ষস্থানীয় বহুজাতিক ও কর্পোরেট দল অংশগ্রহণ করছে। ২০২৬ সালের ২৪ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত চলা এই টুর্নামেন্টে ১৬টি ম্যাচ ডে জুড়ে মোট ৫০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব ও নকআউট ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় কাপ ও প্লেট-এই দুই ধরনের সেগমেন্ট থাকবে। প্রতিটি ম্যাচ নাটমেগ ঢাকা এবং এফআইসিসিআই-এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা হয়। ম্যাচে ফুডপান্ডা ৪-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। অন্যান্য ম্যাচে আমেরিকান অ্যান্ড এফার্ড ২-১ গোলে এসটিএস গ্রুপকে পরাজিত করে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৩-০ গোলে হারায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে এবং রবি আজিয়াটা ২-০ গোলে নেসলে বাংলাদেশকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট তুলে নেয়।

টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে অ্যাক্সেনটেক। কো-স্পন্সর হিসেবে সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার হিসেবে স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং এয়ারলাইন পার্টনার হিসেবে রয়েছে নভোএয়ার। উদ্বোধনী দিনের ব্যাপক সাফল্য ও অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্ট কর্পোরেট সংহতি ও সুস্থ প্রতিযোগিতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

জেএইচআর