প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:৪৯ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়নি মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৪ জুন) সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

সংসদে প্রশ্ন ছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী সহকারী শিক্ষক (সংগীত) পদ সৃষ্টির বর্তমান অবস্থা কী। জবাবে মন্ত্রী বলেন, সংগীত শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ অসম্মতি জানিয়েছে।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়। হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠন এর বিরোধিতা করে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানায়।

পরবর্তীতে বিধিমালা সংশোধনের মাধ্যমে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ বাদ দেওয়া হয়। সর্বশেষ মন্ত্রিপরিষদ বিভাগও সংগীত শিক্ষক পদ সৃষ্টির প্রস্তাবে চূড়ান্তভাবে অসম্মতি দিয়েছে।

এম জি