বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) এর ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এএইউবি-এর উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান।
সভায় উপস্থিত সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন, মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম অনুকরণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এএইউবি-এর শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখছেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পূর্ণ ও আংশিক অর্থায়নে সরাসরি পিএইচডিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করছেন। এটি বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন একাডেমিক ও গবেষণামুখী পরিবেশের উজ্জ্বল বহিঃপ্রকাশ। এই অর্জন এএইউবি-এর জন্য গর্বের এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।
উপাচার্য সভাকে অবহিত করেন, গত ২ মে ২০২৬ তারিখে এএইউবি-এর লালমনিরহাট ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও অর্জনের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বৈশ্বিক সাফল্যসমূহ তুলে ধরেন। গত ১৬-১৯ এপ্রিল ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘ডিজাইন-বিল্ট-ফ্লাই’ প্রতিযোগিতায় এএইউবি ১৭৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৪তম স্থান অধিকার করেছে। এছাড়া গত ২৭-৩০ মে ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় ৩৮টি দলের মধ্যে ৩৪তম স্থান অর্জনের গৌরব অর্জন করে।
উপাচার্য আরও জানান, মে ২০২৬-এ এই বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘আমেরিকান ইনস্টিটিউট অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স’ এর স্টুডেন্ট চ্যাপ্টার হিসেবে তিন বছরের জন্য অনুমোদিত হয়েছে, যা ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত কল্যাণকর। অতঃপর তিনি ১৯তম সিন্ডিকেট সভার পর থেকে অন্তর্বর্তীকালীন সময়ে সম্পন্ন হওয়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সংক্ষিপ্তসার সভায় তুলে ধরেন।
এএইউবি-এর ২০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সদস্যবৃন্দের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি ও সদস্যবৃন্দ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।
জেএইচআর