প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন সালমান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০২:০৯ পিএম

সৌদি আরবের যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয় ঢাকায় অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে, যেখানে দুই দেশের কূটনৈতিক ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। ওই চিঠিতেই সৌদি আরব সফরের আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সাক্ষাৎটি শুধুমাত্র আমন্ত্রণপত্র হস্তান্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বৈঠকে দুই দেশের চলমান সহযোগিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

কূটনৈতিক মহলের ধারণা, এই আমন্ত্রণ ও বৈঠক বাংলাদেশ–সৌদি সম্পর্ককে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এএন