বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে তার প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন। বৈঠকে সিলেটের উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের অবদান, পর্যটন, প্রযুক্তি এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে মন্ত্রী জানান, আলোচনায় সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন খাতের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের উন্নয়নের সুযোগ এবং এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়েছে।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশেষ করে সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও উভয় পক্ষ ইতিবাচক মত বিনিময় করেন।
বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এএন