দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সঙ্গে সমঝোতা স্মারক সই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:৫৭ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকনির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ যুক্তরাজ্য সরকার এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC)-এর সঙ্গে দুটি পৃথক সমঝোতা স্মারক (MoU) সই করেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) বিকেলে সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা বাংলাদেশের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, মানবিক প্রস্তুতি জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সরকার এবং যুক্তরাজ্য সরকারের মধ্যে স্বাক্ষরিত প্রথম সমঝোতা স্মারকের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে একটি প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। এর আওতায় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ প্রশিক্ষণ, কারিগরি সহযোগিতা এবং জরুরি সাড়াদান কার্যক্রমে সমন্বয় করা হবে। এছাড়া অনুসন্ধান ও উদ্ধার (Search and Rescue), জরুরি চিকিৎসা সহায়তা, মানবিক ত্রাণ সরবরাহ ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে।

দ্বিতীয় চুক্তিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির মধ্যে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (SPMoU) হিসেবে স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) ও তাঁদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবন এবং কৌশলগত অংশীদারিত্বে একসঙ্গে কাজ করবে উভয় পক্ষ।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব এমপি বলেন, এই দুটি সমঝোতা আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। দীর্ঘমেয়াদি সহনশীলতা অর্জনের লক্ষ্য বাস্তবায়নেও এসব অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারক দুটিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। অন্যদিকে যুক্তরাজ্যের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক (Sarah Cook) এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির পক্ষে সংস্থাটির অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জুলিও ই. র‌্যাঙ্ক রাইট (Julio E. Rank Wright) চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর