জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনের বিরতির সময় তিনি সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শন এবং সরাসরি অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুরে জাতীয় সংসদে এসে শিক্ষক-শিক্ষার্থীরা প্রথমে সংসদ ভবনের চমৎকার স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। এরপর তাঁরা সংসদীয় লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরবর্তীতে তাঁরা গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। বিকেল নাগাদ নামাজের বিরতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁদের সাক্ষাতের সুযোগ হয়।
আজকের এই পরিদর্শনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে ৬৯ জন অংশ নেন। এছাড়া নটর ডেম কলেজ থেকে ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চারজন বিদেশি শিক্ষার্থীসহ আট সদস্যের একটি প্রতিনিধিদল এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) ১৮ সদস্যের আরেকটি প্রতিনিধিদল সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তাঁদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে গভীর মনোযোগের সাথে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
জেএইচআর