দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এই বৈঠকে অংশ নেবে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক মো. মনির হোসেন গতকাল সোমবার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সাংবিধানিক নিয়ম ও প্রশাসনিক বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং ভোটগ্রহণের সামগ্রিক প্রক্রিয়া নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর নিজস্ব স্বাক্ষরযুক্ত এই পদত্যাগপত্রটি স্পিকারের কার্যালয়ে পাঠানো হয়।
জেএইচআর