ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছেছেন।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে যান। সেখানে পৌঁছানোর পর তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। বঙ্গভবনে যোগ দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁর আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রমের যাত্রা শুরু হলো।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর গত রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সে সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানগণ এবং সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাভার থেকে রাজধানীতে ফিরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।
জেএইচআর