মঈন খান

দেশকে বিশ্বে সম্মানজনক অবস্থানে নিতে চায় বিএনপি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:০০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে বিশ্বদরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে বদ্ধপরিকর।

তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং তার উত্তরাধিকার, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পথ চলেই বাংলাদেশকে আবারও বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করা হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে ড. আব্দুল মঈন খান বলেন, মাত্র সাড়ে তিন বছরে তিনি একটি ভঙ্গুর রাষ্ট্রকে বিশ্বের বুকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরের ভিত্তি গড়ে তুলেছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানকে শুধু স্মরণ করাই নয়, তার আদর্শকে হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে প্রয়োগ করাই হওয়া উচিত।

বাজেট প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জিয়াউর রহমানের প্রণীত বাজেট শুধু ঢাকা শহরের উঁচুতলার মানুষের জন্য ছিল না; বরং তা ছিল এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণকেন্দ্রিক বাজেট।

আলোচনা সভায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম জি