হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১১:৫৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

সংগঠনটির দাবি, শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটি করা হয়।

মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এনসিপি ইউকে অ্যালায়েন্স জানিয়েছে, জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ করে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিভিন্ন ধরনের হয়রানি চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের ভাষ্য অনুযায়ী, এই মামলার মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারা আরও দাবি করে, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি মনে করেন, তার বিভিন্ন কর্মসূচি ব্যাহত করার উদ্দেশ্যে নানা চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের দাবি, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে যোগাযোগের কার্যক্রম বাধাগ্রস্ত করতে একাধিক উদ্যোগ নেওয়া হলেও সেগুলো ব্যর্থ হয়েছে।

এম জি