রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “বিরোধী দলে থাকতেই জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা যেভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ ও লাঞ্ছনা চালিয়েছে, তা অত্যন্ত আশঙ্কাজনক।”
তারা আরও যোগ করেন, এই ঘটনা প্রমাণ করে যে তারা ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এই বিবৃতিতে ধানমন্ডির হামলার ঘটনায় জামায়াতের নেতা কর্মীদের দায়ী করে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ছাত্রদলের ভাষ্য অনুযায়ী, প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং দৈনিক কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন সংবাদকর্মী।
নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, “পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর এই বর্বরোচিত হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে, এই স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি এখনো বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ন্যূনতম বিশ্বাস রাখে না।”
একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো যেকোনো স্বাধীন ও সভ্য সমাজের পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল সব সময়ই গণতন্ত্র, মুক্তচিন্তা এবং সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও যেকোনো উগ্র ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে।
সবশেষে ছাত্রদলের নেতৃবৃন্দ আহত সব গণমাধ্যমকর্মীর আশু সুস্থতা কামনা করেন, তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে বলেন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এএন