টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল।
আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য রোববার (২৩ নভেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ এবং তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি। তাদের পরিবর্তে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন।
দলে সবচেয়ে বড় চমক হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ও দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি পেলেন জাতীয় দলের জার্সি পরার সুযোগ।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২ ডিসেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, সাইফউদ্দিন।
ইএইচ