অলিখিত ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১১:১৯ এএম

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে ‘অলিখিত ফাইনাল’-খ্যাত এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা থাকায় ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালসদৃশ লড়াইয়ে। কিউই অধিনায়ক টম লাথাম টানা তৃতীয় ম্যাচেও টস জিতে এবার ব্যাটিং না নিয়ে বোলিং বেছে নেন।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। চোট কাটিয়ে প্রথমবারের মতো সিরিজে খেলছেন মোস্তাফিজ, আর দীর্ঘ ছয় মাস পর ওয়ানডে দলে ফিরলেন তানভীর।

আজকের ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নামছে টাইগাররা। নাহিদ রানার সঙ্গে পেস আক্রমণে রয়েছেন মোস্তাফিজ ও শরীফুল ইসলাম। স্পিনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গ দিচ্ছেন তানভীর ইসলাম। উইকেটের পেছনে দায়িত্বে থাকবেন লিটন দাস।

অন্যদিকে নিউজিল্যান্ড দলে এসেছে একটি পরিবর্তন। ব্লেয়ার টিকনারের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার বেন লিস্টার, যিনি প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন।

ইতিহাস বলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে দুইবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ—২০১০ ও ২০১৩ সালে, দুবারই হোয়াইটওয়াশ করে। আজকের ম্যাচে জয় পেলে কিউইদের বিপক্ষে তৃতীয়বারের মতো সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম লাথাম (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রুর্ক, জেডেন লেনক্স।

এএন