ব্রাজিলের বিপক্ষে ইতিহাস বদলে দিতে চান জাপান কোচ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০১:২৩ পিএম
জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু

ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে নকআউট পর্বের লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর জাপান। দলটির প্রধান কোচ হাজিমে মোরিয়াসু মনে করেন, অতীতের পরিসংখ্যান নয়, বর্তমানের পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। তাই ইতিহাস বদলে দেওয়ার প্রত্যয় নিয়েই আজ রাতের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে তার শিষ্যরা।

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে নকআউট পর্বে প্রতিটি ম্যাচই এখন ‘করো বা মরো’। এমন বাস্তবতায় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, “ব্রাজিলকে আমরা যথেষ্ট সম্মান করি। তবে গত বছরও খুব কম মানুষ আমাদের জয়ের সম্ভাবনা দেখেছিল। তারপরও আমরা তাদের হারাতে পেরেছিলাম। সেই অভিজ্ঞতাই আমাদের বিশ্বাস জোগায় যে ইতিহাস আবারও বদলানো সম্ভব।”

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই। এখন পর্যন্ত ১২টি ম্যাচে মাত্র একবার জয় পেয়েছে জাপান, আর সেই জয়টি এসেছে গত বছরের একটি প্রীতি ম্যাচে। বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালে, যেখানে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছিল ব্রাজিল।

বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়েও এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে, আর জাপানের অবস্থান ১৭ নম্বরে। তবে এই ব্যবধানকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ মোরিয়াসু। তার মতে, “র‌্যাঙ্কিং অবশ্যই বাস্তবতা, কিন্তু প্রতিটি নতুন ম্যাচ নতুন সুযোগ নিয়ে আসে। আমরা বিশ্বাস করি, এই ম্যাচ জেতার সামর্থ্য আমাদের রয়েছে।”

বিশ্বকাপে জাপানের সর্বোচ্চ সাফল্য এখন পর্যন্ত শেষ ষোলোতে ওঠা। এবার সেই গণ্ডি পেরিয়ে আরও এগিয়ে যেতে চান দলটির কোচ। তিনি বলেন, “অনেকে আমাদের আন্ডারডগ হিসেবে দেখছেন। কিন্তু আমরা গ্রুপ পর্বে যেভাবে সাহসী ফুটবল খেলেছি, নকআউটেও সেই ধারাই ধরে রাখতে চাই। এখন পুরো বিশ্বের নজর আমাদের দিকে।”

একই সঙ্গে ভবিষ্যতের বড় স্বপ্নের কথাও তুলে ধরেন মোরিয়াসু। তিনি বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি, তবে আমরা ধাপে ধাপে উন্নতি করছি এবং আরও ভালো ফুটবল খেলছি।”

এবারের বিশ্বকাপে দুই দলই অপরাজিত থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। ‘সি’ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। অন্যদিকে ‘এফ’ গ্রুপে ৫ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে জাপান। গ্রুপ পর্বে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানোর পাশাপাশি সুইডেন ও নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে তারা নকআউট নিশ্চিত করে।

বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনে মাঠে নামবে ব্রাজিল ও জাপান। গত অক্টোবরে ২-০ গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারানোর স্মৃতি জাপানের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। এই ম্যাচে জয়ী দল শেষ ষোলোতে কার মুখোমুখি হবে, তা নির্ধারিত হবে আগামীকাল নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের ফলাফলের পর।

এএন