ক্ষমা চেয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০২:২৮ পিএম

বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে দক্ষিণ কোরিয়া। দলের এই ব্যর্থতার দায় নিয়ে প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন হং মিউং বো।

দলের বিদায় নিশ্চিত হওয়ার পরদিন এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার ঘোষণা দেন।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ভালো শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। তবে এরপরই ছন্দপতন ঘটে। পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় তারা। শেষ পর্যন্ত সেরা তৃতীয় হওয়া দলগুলোর গোল পার্থক্যের হিসাবেও পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় এশিয়ান দলটিকে।

সংবাদ সম্মেলনে হং মিউং বো বলেন, দক্ষিণ কোরিয়া দলকে যারা ভালোবাসেন এবং সমর্থন করেন, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আজ আমি প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। এই দায়িত্ব নেওয়া আমার জন্য সহজ ছিল না।

তিনি আরও বলেন, কোচ হিসেবে কোনো ব্যাখ্যাই চূড়ান্ত ফলাফলের চেয়ে বড় হতে পারে না। দেশের মানুষ আমাদের কাছ থেকে যে ফল আশা করেছিল, আমি তা দিতে পারিনি। সব দায় কেবল আমার। তবে কোরিয়ান ফুটবলের প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে আমি দলের পাশে থাকব।

এম জি