আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৩০ পিএম
আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে সেনাবাহিনী। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা রুখতে বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
দুপুরে মোহাম্মদপুরের শিশুমেলা সংলগ্ন এলাকায় ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চেকপোস্ট পরিদর্শনের সময় ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ভোটাররা যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য।
অভিযান চলাকালে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে চলাচলকারী মোটরসাইকেল এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেজর ফুয়াদ জানান, সকাল থেকেই বেশ কিছু মোটরসাইকেল জব্দ করে আইনের আওতায় আনা হয়েছে।
সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, প্রতিটি ওয়ার্ড ও ভোটকেন্দ্রের জন্য আলাদা টহল টিম নিয়োজিত রয়েছে। নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যেকোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কোনো প্রকার ছাড় না দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় চেকপোস্টের পাশাপাশি সেনাবাহিনীর নিয়মিত টহলও জোরদার করা হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচনের পরবর্তী তিন দিন পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
জেএইচআর