কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৩:০৬ পিএম
কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আব্দুল রশিদ (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা গেছে, আব্দুল রশিদের বাবার নাম মৃত আকবার আলী। তার কয়েদি নম্বর ৯০৪৭/এ। তবে তিনি কোন মামলায় কারাভোগ করছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা ওই বন্দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এম জি