পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু করে মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এদিন তাজিয়া মিছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয়ে হোসেনি দালান মোড়, বকশি বাজার, উমেশ দত্ত রোড, কারা সদর দফতর নতুন রাস্তা, চক বাজার, বেগম বাজার, নাজিমুদ্দিন রোড ও চাঁনখারপুল হয়ে পুনরায় ইমামবাড়ায় ফিরে আসবে।
এ ছাড়া বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে মিছিল শেষ হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের বিভিন্ন সড়কে একই ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। ওই দিনের মিছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে চাঁনখারপুল, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড, চক বাজার, কারা সদর দফতর নতুন রাস্তা ও বকশি বাজার হয়ে নির্ধারিত রুটে চলবে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত আরও বিস্তৃত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মিছিলটি হোসেনি দালান থেকে বকশি বাজার, আলিয়া মাদ্রাসা মোড়, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, ঢাকা কলেজ, সাইন্সল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক, সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে।
এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন