নানা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পোশাকশ্রমিকরা। এতে আশুলিয়ায় ৫১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানা বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া-ডিইপিজেড-নবীনগর মহাসড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট নামের একটি পোশাক কারখানায় কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করেন। এ ছাড়া হামিম, শারমিন, নাসা ও আল মুসলিমসহ ৪৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ সকালে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তবে শিল্পাঞ্চলে ৪৩টি পোশাক কারখানা ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া আটটি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন