দীর্ঘ ৮ বছর যুক্তরাষ্ট্রে নির্বাসিত থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক (৮৬) দেশে ফিরেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে তিনি তার পরিবারের সঙ্গে দেশে প্রত্যাবর্তন করেন। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাকে নির্বাসনে থাকতে হয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে তিনি স্বেচ্ছায় দেশে ফেরেন।
২০১৬ সালে যুদ্ধাপরাধের অভিযোগে ওসমান ফারুকের বিরুদ্ধে মামলা হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। জানা যায়, তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতারা তাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্রমূলকভাবে ওই মামলা দেন। বিএনপির হাইকমান্ডের পরামর্শে গ্রেপ্তার এড়াতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
ড. এম ওসমান ফারুক বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ভূমিকা পালন করতেন। কিশোরগঞ্জ-৩ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, দেশে ফিরে তিনি আবারও তার নির্বাচনী এলাকার মানুষের সেবায় নিয়োজিত হবেন। আগামী সপ্তাহ থেকে তিনি কিশোরগঞ্জ-৩ আসনে তার নির্বাচনী এলাকায় যাওয়ার পরিকল্পনা করছেন।
এদিকে দেশে আগমন উপলক্ষ্যে তার নির্বাচনী এলাকাসহ কিশোরগঞ্জের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করতে ঢাকায় তার বাসায় ভীড় করছেন। তিনি নেতাকর্মীদের নিয়ে শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন