জয়পুরহাটে কষ্টিপাথরের তৈরি প্রাচীন ও মূল্যবান বিষ্ণু মূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর এলাকার মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে বাবুল হোসেন এবং পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোরসালিন সরকার।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি বিশেষ অভিযানিক দল সোমবার পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকানো একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা একটি আন্তর্জাতিক কষ্টিপাথর পাচারচক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে প্রাচীন ও মূল্যবান মূর্তি সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করত।
র্যাব আরও জানায়, এই পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন