ফরিদপুরে এনসিপি নেতার পদত্যাগ 

ফরিদপুর প্রতিনিধি  প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১০:৪৪ এএম
ফরিদপুরে এনসিপি নেতার পদত্যাগ 

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য মো. রুবেল মিয়া হৃদয় পদত্যাগ করেছেন।

সোমবার রাতে রুবেল মিয়া হৃদয় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পদত্যাগপত্রে রুবেল মিয়া হৃদয় উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দলের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের কার্যক্রম সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থি বলে মনে হওয়ায় এবং দলটির বর্তমান পথচলা আমার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, আমি গভীরভাবে হতাশ ও বিচলিত।

তিনি পদত্যাগ পত্রে আরও উল্লেখ করেন, আমি আর দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি না। তাই আমি বিনীতভাবে জাতীয় নাগরিক পার্টি, ফরিদপুর জেলা-এর সকল কার্যক্রম ও পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছি।'

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মো. রুবেল মিয়া হৃদয় বলেন, এছাড়া সাম্প্রতিক সময়ে দলের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের কার্যক্রম সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থি বলে আমার কাছে মনে হওয়ায় আমি আমার পদ থেকে পদত্যাগ করেছি।

এ বিষয়ে ফরিদপুর জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী এস এম জাহিদ বলেন, রাজনীতিতে সবারই ব্যক্তি স্বাধীনতা আছে। যারা এনসিপি দলকে ভালোবাসে তারা সবসময় দলের জন্য নি:স্বার্থভাবে কাজ করে। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে পদ পদত্যাগ করে এতে দলের জন্য কোন ক্ষতি হবে।

বিষয়টি নিয়ে ফরিদপুর জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা বলেন, তাকে অনুরোধ করার পরও পদত্যাগ থেকে পিছপা হননি। তাই তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।


জেএইচআর