মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার সোনালি ব্যাংক মোড়ের তিনটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোনালি ব্যাংক মোড়ের কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় তিনটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্কও করা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমরা নিয়মিত বাজার ও ফার্মেসিগুলোতে অভিযান চালাচ্ছি। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি একটি গুরুতর অপরাধ এবং এটি ভোক্তা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান চলমান থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন