দুর্বার গতিতে বাড়ছে চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, থেমে নেই ষড়যন্ত্র

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৬:১৩ পিএম
দুর্বার গতিতে বাড়ছে চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, থেমে নেই ষড়যন্ত্র

চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক কার্যক্রম চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে দুর্বার গতিতে এগোচ্ছে। ঠিক এই সময়ে কিছু মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 

দেশের একমাত্র প্রধান বন্দর চট্টগ্রাম বন্দরে সামান্য সমস্যার বা চুরির মতো ঘটনা ঘটলেও তা দ্রুত সমাধান করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মনে করছে, সম্প্রতি কিছু মহল বন্দরের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। বোমা বিস্ফোরণ, সিনিয়র কর্মকর্তাদের ভয় দেখানো, নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা, দুর্নীতি-সংক্রান্ত মিথ্যা প্রচার—এসব কর্মকাণ্ড বন্দরে অস্থিরতা সৃষ্টি করছে।

গত দুই-তিন দিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট এবং শিপিং অ্যাসোসিয়েশনের দূরত্ব বৃদ্ধি নিয়ে সংবাদ শিরোনামে এসেছে। 

তবে আমদানি-রপ্তানিকারকরা বলছেন, বর্তমান চেয়ারম্যানের যোগদানের পর থেকে বন্দরের সব ক্ষেত্রে কার্যক্রম দ্রুততর হওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত এক প্রেস নোটে জানিয়েছে, পুরাতন ৫৩,৫১৮ টিইউইএস (TEUs) এর সঙ্গে সমস্ত ইয়ার্ড সম্প্রসারণের ফলে বন্দরের ধারণক্ষমতা বর্তমানে প্রায় ৫৯,০০০ TEUs এ উন্নীত হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায় ৪৭-৪৮ হাজার TEUs কন্টেইনার সংরক্ষণ এবং বন্দরের অপারেশনাল কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হচ্ছে।

পূর্বে গড়ে ১০টি কন্টেইনার জাহাজ হ্যান্ডলিং হতো, বর্তমানে তা ১২-১৩ জাহাজে উন্নীত হয়েছে। ফলে আমদানি-রপ্তানিকারকরা পূর্বের তুলনায় অনেক কম সময়ে পণ্য হাতে পাচ্ছেন এবং রপ্তানির লিড টাইম কমে যাচ্ছে। ভবিষ্যতে কন্টেইনার সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬২,০০০ TEUs এ উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ইয়ার্ডে সক্ষমতা থাকায় প্রায় ৬,০০০ TEUs রপ্তানিমুখী কন্টেইনার pre-stacking এর জন্য রাখা হয়েছে। তবে ঢাকা আইসিডি থেকে আসা কন্টেইনারের কারণে কিছুটা চাপ রয়েছে, যা বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া প্রায় ১০,০০০ নিলামযোগ্য কন্টেইনার নিলামের অপেক্ষায় রয়েছে। ঢাকা আইসিডি’র ২,০০০ কন্টেইনারসহ মোট ১২,০০০ কন্টেইনার স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে।

বর্তমানে বাহিনোঙ্গরে জাহাজের ওয়েটিং টাইম ২ দিনে নেমে এসেছে। ২১ আগস্ট, ২০২৫ তারিখে বাহিনোঙ্গরে ৪টি কন্টেইনার জাহাজ এবং ১টি জিআই জাহাজ বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে। জাহাজের গড় অবস্থানকাল (টার্ন অ্যারাউন্ড টাইম) বর্তমানে ২.৫৮ দিন।

ইএইচ