পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে ছুরিকাঘাতে যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই ইমরান সজিব মোল্লা (২৪)।
শনিবার রাত ৯টার দিকে ইসলামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাষ্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত ইমরান মোল্লা ওই গ্রামের আব্দুর সবুর মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ৮–৯ জনের একটি দল পাভেল ও ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এলাকাবাসীর ভাষ্য, মাদক কারবারে বাধা দেওয়ায় পাভেলকে হত্যা করা হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ইসলামপুর ব্রিজের কাছে কথাকাটাকাটির একপর্যায়ে হামলাকারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস এবং ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব, ডিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পূর্ব বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন