বিদেশ যাত্রার স্বপ্ন পূরণে টাঙ্গাইলের প্রবাসী কল্যাণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিয়ে প্রবাসে পাড়ি জমাচ্ছেন স্বপ্নদ্রষ্টা প্রবাসীরা।
এতে তারা বেকারত্বের বোঝা হালকা করছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।
জানা গেছে, বিদেশ গমন ইচ্ছুকদের সুবিধার্থে ২০১২ সালে টাঙ্গাইল সদর শাখা স্থাপন করা হয়।
সম্প্রতি ব্যাংক থেকে ৩ লাখ টাকার ঋণ প্রাপ্ত টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নবী নেওয়াজ বলেন, “পরিবারিক আর্থিক সমস্যা থাকায় স্বপ্ন পূরণ করা সম্ভব হচ্ছিল না। প্রবাসী কল্যাণ ব্যাংকের সাহায্যে মাত্র ৭–৮ দিনের মধ্যে ঋণ পেয়ে আমি প্রবাসে যেতে সক্ষম হয়েছি।”
একইভাবে, টাঙ্গাইল সদর থানার করটিয়া ইউনিয়নের বাসিন্দা খোকন খান বলেন, “ব্যাংকের ঋণ না পেলে বিদেশে যাওয়া সম্ভব হত না। এটি আমার জন্য জীবনের বড় সহায়তা।”
সূত্রের তথ্য অনুযায়ী, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতি বছরে এক লাখ টাকায় ৮% সরল সুদে ঋণ দিয়ে থাকে। আবেদনকারীর ৭–৮ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।
প্রবাসী কল্যাণ ব্যাংক টাঙ্গাইল সদর শাখার ব্যবস্থাপক প্রনব পাল (এসপিও) বলেন, “কেউ ঋণ নিতে ঘুষ দিতে হয় এমন গুজব সঠিক নয়। ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য কোনো দালালকে অর্থ দিতে হবে না। যদি কেউ এ ধরনের দাবি করে, আমাদের অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রবাসী কল্যাণ ব্যাংকের এই উদ্যোগ বিদেশ যাত্রার স্বপ্ন দেখেন এমন সকল নাগরিকের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন