নরসিংদীতে নিজ খরচে ৩১ টি রাস্তার কাজ সম্পন্ন

মো. হৃদয় খান, নরসিংদী প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১১:৫৮ এএম
নরসিংদীতে নিজ খরচে ৩১ টি রাস্তার কাজ সম্পন্ন

দীর্ঘ ১৩ বছর ধরে নিজ খরচে রাস্তা নির্মাণ ও সংস্কার করে চলেছেন নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের বখতিয়ার হোসেন। যেখানে তিনি নিজেই কাজ করেন শ্রমিক হিসেবে। এমনকি বখতিয়ারের রয়েছে সদকায়ে জারিয়ার মেহনতের ১২ জনের সেচ্ছাসেবী টিম। যারা নিজেরা রাস্তা সংস্কারে কাজ করেন শ্রমিক হিসেবে। কেউ টানে কোদাল, আবার কেউ আনে ইট, কেউ টানছে ভ্যান ও করছে সংস্কার কাজ।

বখতিয়ারের বাড়ি নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায়। পেশায় ব্যবসায়ী হলেও, নিজ খরচে এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কার করাই নেশা এই বখতিয়ারের।

স্থানীয়রা জানান, সড়কের কোথাও ভাঙা বা গর্ত দেখলেই ইট বা খোয়া ও বালি সংগ্রহ করে রাস্তার সেই গর্ত ভরাট করে দিয়ে আসেন বখতিয়ার। রাস্তা সংস্কারের কাজ করতে কখনো নামছে হাঁটু পানিতে, আবার কখনো নামছে ময়লা ড্রেনে। তবে রাস্তা সংস্কারের জন্য কারো কাছ থেকে এক টাকাও নেয়া হয়না। বখতিয়ারের এমন কাজে খুশি এলাকাবাসীরাও।

বখতিয়ার জানান, এখন পর্যন্ত ৩১ টি রাস্তার কাজ সম্পন্ন করেছি। এইসব রাস্তা সংস্কার করতে গিয়ে বউয়ের গহনা পর্যন্ত বিক্রি করেছি। এটাই আমার নেশা। কাজ করতে যেসব সরঞ্জাম লাগে, সবকিছু আমরা নিজেদের টাকায় কিনেছি। কারো কাছ থেকে কোনোপ্রকার টাকা নেয়া হয় না। শুধুমাত্র আমরা নিজেদের টাকায় এই সংস্কার কাজ করে থাকি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমি ও আমার টিম এই কাজ করি। কখনো নির্বাচন করার কোন ইচ্ছে নেই। অনেক সময় ভালো কাজ করতে গেলে বাধা আসে। আমার এই ভালো কাজ দেখে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করে। কিন্তু তা নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি।'


তিনি আরো জানান, শুধু রাস্তার কাজই নয়। কোন গরীব অসহায় মানুষ যদি মারা যায়, তার কাফন থেকে শুরু করে সকল কাজ আমরা করে দিবো। আমার ইচ্ছে মৃত্যুর পরও আমার সদগায়ে জারিয়ার এই কাজ যেন অব্যাহত থাকে।

জেএইচআর