সমাজের অনগ্রসর, ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকরণ, আইনগত সহায়তা এবং খাসজমি বন্দোবস্ত, কৃষি ও ভূমি সংস্কার, জলমহল নীতিমালা অনুযায়ী প্রকৃত মৎস্যজীবীদের সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বরগুনা জেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত গঠন সভায় সভাপতিত্ব করেন জাকির হোসেন মিরাজ। সভায় সংগঠনের গঠনতন্ত্র ও কার্যাবলী নিয়ে আলোচনা শেষে ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতৃত্বে বরগুনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম মনিরকে সভাপতি, চ্যানেল২৪ ও দৈনিক সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর মো. সালেহকে সাধারণ সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবীর মৃধাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আতাউর রহমান বাবুল, বরগুনা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক জয়দেব রায়, আইন সহায়তা সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, প্রেস ও মিডিয়া সম্পাদক আব্দুল মালেক মিঠু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শিপ্রা রাণী, পরিবেশ বিষয়ক সম্পাদক ফটো সাংবাদিক আরিফুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, সাংবাদিক জাকির হোসেন মিরাজ, চিত্তরঞ্জন শীল ও মনির হোসেন কামাল।
ফিসারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হেবিট্যাট এন্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফারমেশন (ফিসনেট) কর্মসূচির আওতায় এই কমিটি গঠন করা হয়েছে। সভার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর প্রকল্প ব্যবস্থাপক সুবোধ বিশ্বাস। সভার সঞ্চালনা করেন মিল অফিসার মোঃ হারুনুর রশিদ ও সিনিয়র ফিল্ড অফিসার যশোমন্ত মল্লিক।
সিএনআরএস কর্তৃপক্ষ জানান, নতুন কমিটির লক্ষ্য হলো রাষ্ট্রীয় খাস সম্পদে ভূমিহীনদের অধিকার ও অভিগম্যতা নিশ্চিত করা, ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনা এবং প্রান্তিক কৃষকবান্ধব নীতি কার্যকর করা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন