ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ধস, ঝুঁকি নিয়ে যান চলাচল

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:১০ পিএম
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ধস, ঝুঁকি নিয়ে যান চলাচল

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের একটি অংশ ধসে পড়েছে, যা পথচারী ও যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বর্ষণে সড়কের নিচে গভীর গর্ত তৈরি হয়েছে। দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে মাটি সরে গিয়ে রোববার ওই অংশে ভয়াবহ ভাঙন ঘটেছে। ভাঙা অংশের পাশে খুঁটির ওপর বস্তা দিয়ে অস্থায়ীভাবে বাঁধাই করা হলেও ঝুঁকি কমেনি।

২০১৯ সালে একই স্থানে প্রায় ৫০ ফুট সড়ক ধসের পর গাইডওয়াল নির্মাণ করা হয়েছিল। কিন্তু পুনরায় ধস নেমে যাওয়ায় স্থানীয়রা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

অটোরিকশাচালক রনি আহমেদ বলেন, “এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই বিপজ্জনক। যেকোনো সময় যাত্রী বা পণ্যবাহী গাড়ি পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, “বৃষ্টির সময় রামগঞ্জ এলাকায় প্রবল ঢল নামে, যা রোধ করা কঠিন। ভাঙা অংশে ঢালাইসহ নতুন গাইডওয়াল নির্মাণ করে টেকসইভাবে মেরামতের কাজ করা হবে।”

ইএইচ