মানিকগঞ্জ শহরকে বিভক্তকারী অপরিকল্পিত সড়ক বিভাজন অপসারণ করে বাসস্ট্যান্ড এলাকায় গোলচত্ত্বর অথবা ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়ক নির্মাণের শুরু থেকেই বাসস্ট্যান্ড এলাকায় একটি গোলচত্ত্বর ছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সড়ক প্রশস্ত করতে গিয়ে গোলচত্ত্বর অপসারণ করে পুরো বাসস্ট্যান্ড এলাকায় সড়ক বিভাজন করা হয়। এতে যাতায়াতে চরম দুর্ভোগ তৈরি হয়। শহরে প্রবেশ করতে স্থানীয়দের প্রায় এক কিলোমিটার ঘুরে আসতে হয়। উল্টোপথে যান চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজ থাকলেও প্রবীণ ও অসুস্থরা তা ব্যবহার করতে পারছেন না। সড়ক বিভাজনের কারণে শহরও কার্যত দুই ভাগে বিভক্ত হয়েছে। উত্তর পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতারা সহজে যাতায়াত করতে না পারায় বেচাকেনা কমে গেছে, ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সড়ক বিভাজন অপসারণ করে বাসস্ট্যান্ড এলাকায় গোলচত্ত্বর ও ফ্লাইওভার নির্মাণ করতে হবে। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচির মাধ্যমে নিজেরাই সড়ক বিভাজন অপসারণের হুঁশিয়ারি দেন তারা।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফুল হক আরিফ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, শিবালয় উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী রুবায়েত হোসেন সাবির, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল বাসার লিমন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, সড়ক বিভাজনের কারণে বাসস্ট্যান্ড এলাকার ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। এতে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সাধারণ মানুষও প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফুটওভার ব্রিজ নির্মাণ হলেও বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুরা তা ব্যবহার করতে পারছেন না। ফলে শহরের গুরুত্বপূর্ণ স্থান—অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ বিভাগের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম জানান, মানববন্ধনের বিষয়টি তিনি অবগত হয়েছেন। জনগণের এ দাবির বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন