ঝিনাইদহে হোটেলে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:৩০ পিএম
ঝিনাইদহে হোটেলে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনায় জুয়েল হোসেন (২৮) নামে এক যুবককে মারাত্মকভাবে কুপিয়ে জখম করা হয়েছে।

আহত জুয়েল স্থানীয় নারিকেলবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জুয়েলের ভাই রুবেল জানান, বিকেলে জুয়েল নাস্তা করতে হোটেলে গেলে হোটেল মালিক শরিফুল লস্করদের সঙ্গে নাস্তা করার বিষয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। 

এ সময় মালিক শরিফুল লস্কর, মামুন লস্কর ও সাইফুল লস্করসহ কয়েকজন এলোপাতাড়ি কুপিয়ে তার মাথা ও হাতে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার্ড করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা সম্পর্কে খবর পেয়েছেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ