সাভারে হত্যাকাণ্ডের এক বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ।
রোববার দুপুরে সাভার সার্কেল কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।
তিনি জানান, গত বছরের ৩ আগস্ট সাভারের হেমায়েতপুরে এম.ই বিডি টেক লিমিটেড কারখানায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা কারখানার নিরাপত্তা কর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হলেও, তখন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়নি।
পরে চলমান অনুসন্ধানের এক পর্যায়ে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে হত্যায় জড়িত মানিক মোল্লা নামের এক খুনিকে গ্রেপ্তার করে।
মানিকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরে ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেপ্তার করে।
আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, হত্যাকারীরা মূলত ডাকাতির উদ্দেশ্যে ওই কারখানায় হানা দেয়। ডাকাতি করতে ব্যর্থ হওয়ায় তারা নিরাপত্তা কর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন