দীর্ঘ তিন যুগ ধরে ঘরহীন জীবন কাটিয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের অসহায় রেনু বেগম ও তাঁর ছেলে। স্বামী মারা যাওয়ার পর নিঃস্ব হয়ে পড়া রেনু বেগমের জীবন কেটেছে মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে।
স্বামীকে চিকিৎসা করাতে গিয়ে সহায়-সম্পদ বিক্রি করেও বাঁচাতে পারেননি তাঁকে। এরপর থেকেই অন্যের বাসায় কাজ করে কষ্টের জীবনযাপন করেছেন তিনি।
অবশেষে তার জীবনে আলো হয়ে আসেন ‘বিয়ানিবাজার মানবিক টিমের’ পরিচালক জুয়েল আহমদ।
মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তিনি রেনু বেগমকে উপহার দেন পাঁচ শতক জমিসহ একটি টিনশেড ঘর। প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ঘর শুধু আশ্রয় নয়, রেনু বেগমের জীবনে ফিরিয়ে এনেছে নতুন করে বাঁচার স্বপ্ন। ঘর হাতে পেয়ে আবেগে ভেঙে পড়েন তিনি।
রোববার নতুন ঘরের উদ্বোধন করেন জুয়েল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন নাট্যকার বেলাল আহমদ মুরাদ, কনটেন্ট ক্রিয়েটর জুয়েল, মানবিক টিমের সদস্য রোমেল আহমদ, ওলিউর রহমান সাজন, সাহানা সাইফসহ স্থানীয়রা।
রেনু বেগম ঘর পেয়ে বলেন, “আমি ৩৬ বছর মানুষের বাসায় কাজ করে জীবন কাটিয়েছি। স্বামী মারা যাওয়ার পর একেবারে অসহায় হয়ে পড়েছিলাম। আজ এই ঘর পেয়ে মনে হচ্ছে নতুন করে বাঁচার স্বপ্ন দেখার মতো কিছু পেলাম। আমি সত্যিই খুব খুশি।”
জানা গেছে, এ মহৎ উদ্যোগে সহযোগিতা করেছেন মানবিক টিমের প্রবাসী সদস্যরাও।
মানবিক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যেই দেশে-বিদেশে পরিচিত হয়েছেন জুয়েল আহমদ। দেশের বিভিন্ন স্থানে মসজিদ-মাদরাসা নির্মাণ, টিউবওয়েল স্থাপন এবং অসহায়দের ঘর নির্মাণসহ নানা উদ্যোগে তিনি কাজ করে যাচ্ছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন