শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ।
জানা যায়, বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে। চিঠির সূত্র উল্লেখ করে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়ে আরো একটি চিঠি জারি করেছেন। চিঠির কপি স্থলবন্দর সংশ্লিষ্ট দপ্তর গুলোতে দেওয়া হয়েছে। বন্ধের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে উভয় স্থলবন্দরের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে এবং পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা আশরাফুল ইসলাম। আগামী ৫ অক্টোবর রবিবার থেকে পূর্বের ন্যায় যথারীতি সিঅ্যান্ডএফ কার্যক্রম চলমান থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা ৮ দিন ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে, চিঠি দিয়েছে। আমরাও চিঠি ইস্যু করে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার কথা বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীদেরকে জানিয়েছি। আগামী ৫ অক্টোবর পুরোদমে ব্যবসায়ী কার্যক্রম পূুণরায় চালু হবে।’
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
তবে, শুল্ক (কাস্টমস) দপ্তরের কার্যক্রম সচল থাকবে।’
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন