রংপুরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন আজাদুল

সুজন আহম্মেদ, রংপুর প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৪৩ পিএম
রংপুরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন আজাদুল

রংপুরের গঙ্গাচড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গজঘণ্টা ইউনিয়নের খামারটারি গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে আজাদুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, বাড়ির ভাঙাচোরা টিন ও ছাইয়ের স্তূপের পাশে আজাদুল ইসলাম নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন। 

তিনি জানান, ঘটনার দিন স্ত্রী চিকিৎসার জন্য হারাগাছে ছিলেন। তিনি একাই বাড়িতে ছিলেন। রাতের এশার নামাজ শেষে বিদ্যুৎ না থাকায় বাড়ীর পাশে তিস্তা নদীর শহর রক্ষা বাঁধে বসে বাতাস নিচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎ ফেরার পর বাড়িতে আগুন জ্বলতে দেখেন।

আজাদুল জানান, বিদ্যুৎ থাকায় আগুন নিভানো সম্ভব হয়নি। পরে বিদ্যুতের লাইন কেটে পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা গেল, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ঘরে থাকা মেয়ে ও জামাইয়ের জমানো টাকায় কেনা আট লাখ টাকার তামাক, ছেলের কম্পিউটার, ফ্রিজ, কাপড়, চাল-ডাল সব পুড়ে গেছে। এখন খাওয়ারও কিছু নেই।

স্থানীয়রা জানাচ্ছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছানোর আগেই বাড়ি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

ইএইচ