সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক

দুর্গাপূজার সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে কাজ করছে আনসার ও ভিডিপি

আবু হানিফ, সুনামগঞ্জ প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:২১ পিএম
দুর্গাপূজার সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে কাজ করছে আনসার ও ভিডিপি

মহাসপ্তমী উৎসবে সোমবার সন্ধ্যা ৬টায় বর্ণিল আলোকসজ্জায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ভিডিপি) সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান।

তিনি সুনামগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা মণ্ডপের সভাপতিদের সাথে সাক্ষাৎ করেন।

পরিদর্শন শেষে আনসার ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান বলেন, এবার প্রশিক্ষিত আনসার সদস্য দিয়ে পূজা উৎসবে নিরাপত্তা বিধান নিশ্চিত করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় সিলেট রেঞ্জেও চারটি জেলায় ২৭০৩টি পূজা মণ্ডপে প্রায় ১৭১৭৮ জন প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্য/সদস্যা নতুন উদ্দীপনায় মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি সারাদেশে ৩১৫৭৬টি পূজা মণ্ডপে ৯২টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সসহ ২ লক্ষাধিক সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে।

এছাড়া তিনি বলেন, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজামণ্ডপ থেকে শুরু করে নদী তীরবর্তী ও উপকূলীয় বিসর্জন স্থানগুলোতে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে কড়া নিরাপত্তা সর্বক্ষণ প্রস্তুত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি সুনামগঞ্জের রুবায়েত বিন সালাম, সার্কেল অ্যাডজুট্যান্ট আনসার ও ভিডিপি সুনামগঞ্জের মো. আরিফ হোসেন, উপজেলা প্রশিক্ষক সুনামগঞ্জ সদরের মোহাম্মদ সফিকুর রহমান। 

এছাড়াও ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের দুটি টিম সাথে ছিল।

ইএইচ