রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনবিহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। বিএসটিআই’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিএসটিআই জানায় ‘সুইটমিট (মিষ্টি)’ পণ্যের অনুকূলে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি’ পণ্যের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই উৎপাদন ও বিক্রয়-বিতরণ করে তারা। পণ্যের প্যাকেট/মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ আনুষঙ্গিক তথ্য সম্বলিত কোন লেবেল না থাকায় সাহেব বাজার আরডিএ মার্কেট সংলগ্ন নিতাই মিষ্টি ঘর প্রতিষ্ঠানটিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই'র রাজশাহী বিভাগীয় অফিস সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন