নাটোরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৭:১৭ পিএম
নাটোরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং জুলাই সনদের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে নাটোরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা জামায়াতের উদ্যোগে শহরের ভবানীগঞ্জ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে এক পদযাত্রা বের করা হয়।

পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও সিংড়া-৩ আসনের এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা সহকারী প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল, সদর উপজেলা আমীর অধ্যাপক মীর নূরুন নবী এবং শহর আমীর রাশেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের বাস্তবায়ন ও আদেশ জারি করতে হবে। একই সঙ্গে গণভোটের ব্যবস্থা, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি প্রবর্তন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এসব দাবির বাস্তবায়নই আগামী নির্বাচনের জন্য একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির পূর্বশর্ত।

পরে জেলা জামায়াতের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।

ইএইচ