বাগেরহাটে গভীর রাতে দূর্বৃত্তের হামলায় যুবদল নেতার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৩:২৮ পিএম
বাগেরহাটে গভীর রাতে দূর্বৃত্তের হামলায় যুবদল নেতার মৃত্যু

বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে দূর্বৃত্তের হামলায় যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হত্যার শিকার মিন্টু কচুয়া উপজেলার শিবপুর গ্রামের সরদার আবু বক্কারের ছেলে। তার দুই স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই বিয়ের কারণে দীর্ঘদিন ধরে মিন্টু পারিবারিক অশান্তিতে ছিলেন। সোমবার গভীর রাতে শিবপুর এলাকায় নিজ বাড়িতে বড় স্ত্রীর সাথে মিন্টুর ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে বাইরে থেকে ৮-১০ জন লোক এসে মিন্টুকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল বলেন, “মিন্টু আমাদের দলের একজন যুবদল কর্মী ছিলেন। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।”

ইএইচ