নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে সাংবাদিক সমাজ

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৩৪ পিএম
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে সাংবাদিক সমাজ

ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ, বিপুল সম্ভাবনায় ভরপুর নোয়াখালীকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য এবার রাজপথে নেমেছে নোয়াখালীর সাংবাদিক সমাজ। "নোয়াখালী বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি" এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সাংবাদিক, রাজনীতিবিদসহ সকল শ্রেণী-পেশার সাধারণ মানুষ সোচ্চার হয়েছে।

বুধবার সকাল ১১ টায় নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলায় কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মানববন্ধনের পরে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

মানববন্ধন পরিচালনা করেন দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাৎ বাবু, সভাপতিত্বে ছিলেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান। 

মানববন্ধনের সময় বিভাগ বাস্তবায়নের যৌক্তিক দাবিতে সংহতি জানাতে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামের আমির, শিক্ষাবিদ ইসহাক খন্দকার।

আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জোরালো দাবি তুলে ধরেন। তারা জানান, নোয়াখালী দুই শতাধিক বছরের পুরনো জেলা। বিগত সরকার এবং তাদের কিছু আমলা-কামলার কারণে বৃহত্তর নোয়াখালী পরিকল্পিতভাবে উন্নয়ন বঞ্চিত হয়েছে। এ অঞ্চলের মানুষ এখন সেই বাস্তবতা উপলব্ধি করছে। এই কারণে বিভাগের যৌক্তিক দাবি সরকারেরও মনে দম্পতি সৃষ্টি করেছে। উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের মানুষ চায়, বিভাগ বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন দ্রুত এগিয়ে যাক।

বক্তারা আরও বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের দুর্গম জনপদের আর্থ-সামাজিক উন্নয়ন, বিমানবন্দর স্থাপন, নৌবন্দর স্থাপন, শিক্ষা বোর্ড স্থাপন, সিটি কর্পোরেশন, ক্যাডেট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সুবর্ণচর রেলস্টেশন, পর্যটন নগরী নিঝুম দ্বীপের উন্নয়নসহ সকল দপ্তরের বিভাগীয় কার্যালয় ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সরকারি আমলা, রেমিট্যান্স যোদ্ধা, মৎস্যজীবী এবং কৃষিজীবীর হাত ধরে নোয়াখালী দেশের সবচেয়ে ধনী জেলা হিসেবে গড়ে উঠতে পারে। এই অঞ্চলের মাটিতে সম্ভাবনার অপার সম্ভার বিদ্যমান। নোয়াখালী বিভাগ বাস্তবায়নের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব, এবং এটি দেশের মধ্যে অন্যতম মডেল বিভাগে পরিণত হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, কুমিল্লার কিছু বিপথগামী যুবক ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক আটকাতে চাইলেও তারা বুঝতে পারছে না, নোয়াখালীর মানুষ সারা দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে অবস্থান করছে। নোয়াখালীর মানুষ চাইলে সারাদেশ অচল করতে পারে। এই অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ সীমালঙ্ঘন না করা পর্যন্ত ভদ্রতা বজায় রাখে। তাই কেউ যদি আমাদের পায়ে পা রেখে ঝগড়া করতে আসে, তাদের সতর্ক করা হলো।

নোয়াখালী বিভাগ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। নোয়াখালীকে বিভাগ করার পর আরও পাঁচটি নতুন বিভাগ গঠিত হলে আমাদের কোনো আপত্তি নেই। তবে নোয়াখালী বিভাগের ঘোষণা হওয়ার আগে অন্য কোনও বিভাগের ঘোষণা আমরা মানতে প্রস্তুত নই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন, চলতি ধারা সম্পাদক এম.বি. আলম, দৈনিক আমার দেশ প্রতিনিধি আজাদ ভূঁইয়া, এনটিভি নোয়াখালী প্রতিনিধি মাসুদ পারভেজ, এসএ টিভি নোয়াখালী প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, দৈনিক যমুনা টিভি জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ, দৈনিক ইনকিলাব নোয়াখালী প্রতিনিধি খসরু, নিউজ ২৪ টিভি জেলা প্রতিনিধি আকবর হোসেন, ৭১ টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাপ্তাহিক আজকাল পত্রের সম্পাদক সাজ্জাদ হোসেন, নাগরিক টিভি জেলা প্রতিনিধি সোহেল বাদশা, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, একুশে টিভি নোয়াখালী প্রতিনিধি আরিফিন শাকিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ।

ইএইচ