মাগুরা শহরের ঐতিহ্যবাহী নোমানী ময়দানে দীর্ঘদিন ধরে অবস্থানরত ফুড কার্ট ব্যবসায়ীদের আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত পূর্বের মতোই ব্যবসা পরিচালনার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে ফুড কার্ট মালিকদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেন।
বৈঠকে জানানো হয়, নোমানী ময়দানকে শহরের জনগণের অবসর বিনোদন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য সংরক্ষণ করা হবে। ময়দানের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার স্বার্থে ৩০ অক্টোবরের পর থেকে ফুড কার্টগুলোকে মাগুরা জেলা স্টেডিয়াম সংলগ্ন স্থানে স্থানান্তর করা হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, ফুড কার্ট ব্যবসায়ীরা যাতে বিকল্প স্থানে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, নোমানী ময়দান মাগুরা শহরের ঐতিহ্যের অংশ। এখানে জনসাধারণের অবসর ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে আমরা কাজ করছি। ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি মাথায় রেখেই নতুন স্থানের ব্যবস্থা করা হচ্ছে।
প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেক নগরবাসী। তারা মনে করছেন, এতে মাঠের পরিবেশ ফিরে আসবে, আবার ব্যবসায়ীরাও নতুন জায়গায় কাজের সুযোগ পাবেন। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন