খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এক গণমাধ্যম কর্মী।
সোমবার সকালে বর্হিবিভাগে থাকা মো. সেলিমুজ্জামান নামে এক ল্যাব টেকনিশিয়ান এই হামলা চালান। এ সময় ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
খুলনা সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার শিকার ওই সাংবাদিকের নাম নুর মোহাম্মদ খান লিটু। তিনি খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক প্রবাহের মাল্টিমিডিয়া রিপোর্টার।
খুমেক হাসপাতালের বর্হিবিভাগ ও আন্তঃবিভাগে দালাল দৌরাত্বে রোগীদের ভোগান্তির বিষয়ে সংবাদ সংগ্রহে যান লিটু। এ সময় বর্হিবিভাগে থাকা মো. সেলিমুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার এক পর্যায়ে ওই সাংবাদিকের ওপর হামলা করলে সেখানে কর্তব্যরত আনসার সদস্য তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।
জানা গেছে, মো. সেলিমুজ্জামান স্বাস্থ্য অধিদপ্তরের প্রজেক্টের ল্যাব টেকনোলজিস্ট হিসাবে পটুয়াখালি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত। দুর্নীতির অভিযোগে তাকে খুমেক হাসপাতাল থেকে বদলি করা হয়েছে। সেখানে অফিস না করে সরকারি নির্দেশনা উপেক্ষা করে খুমেক হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে অবৈধ ডায়াগনস্টিক খুলে রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছিল। রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া ও হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে অবৈধ ডায়াগনস্টিক চালু করার বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।
এবিষয়ে নুর মোহাম্মদ খান লিটু বলেন, “এ ঘটনায় আমি সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। একজন সাংবাদিক হিসাবে আমি আমার পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন