হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযানে ৯ দালাল আটক, ১৫ দিনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৬:১০ পিএম
হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযানে ৯ দালাল আটক, ১৫ দিনের কারাদণ্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে নয় দালালকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জের কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন— বানিয়াচং উপজেলার কান্দিপাড়া গ্রামের প্রশন্ন দাসের ছেলে অশিত দাস (৪০), সদর উপজেলার পইল গ্রামের আরজ আলীর ছেলে রমিজ আলী রনি (২৭), হবিগঞ্জ শহরের আনন্তপুর এলাকার আইদু শাহের ছেলে মো. কামাল শাহ (২৫), আনন্দপুর এলাকার আকল আলীর ছেলে আসাদুজ্জামান রিপন (৪৩), সুনামগঞ্জ জেলার হাতিয়া গ্রামের হরুফ মিয়ার ছেলে কাউছার (৩০), বানিয়াচং উপজেলার সতমুখা গ্রামের মজর আলীর ছেলে বিলু মিয়া (৪২), চুনারুঘাট উপজেলার ফুলগাঁও গ্রামের বেলাল মিয়ার ছেলে আব্দুল খালেক মিয়া (২৭), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নিকুঞ্জ ঘোষের ছেলে নিতু ঘোষ (৩৫) ও হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নিখিল রায়ের ছেলে সৌরভ রায় (২২)।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ কোম্পানি কমান্ডার শাহ আলম বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের উপদ্রব বেড়েছে। এদের খপ্পরে পড়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন। বিষয়টি আমাদের নজরে এলে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে অভিযান চালায়। এ সময় নয়জন দালালকে আটক করা হয়, যারা সরকারি হাসপাতাল থেকে রোগী ফুসলিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যেতেন।

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহ আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া এ আদেশ প্রদান করেছেন।

ইএইচ