নিরাপত্তা-সচেতনতা বৃদ্ধিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নাগরিকদের জন্য এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার শহরের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নিরাপত্তা বিষয়ক বার্তা সম্বলিত টি-শার্ট বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।
কেএমপি আশা করছে, টি-শার্টে প্রিন্ট করা নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বার্তাগুলো সহজেই নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
বিতরণ করা টি-শার্টের বার্তাগুলোর মধ্যে রয়েছে, রাস্তা পারাপারের নিয়ম মেনে চলা, মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকা, সন্তানকে ভালো বন্ধু নির্বাচনে সাহায্য করা, সন্তান কার সাথে মিশছে তা খেয়াল রাখা, সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ধারণা প্রদান করা, অনলাইন কেনাকাটার সময় অগ্রিম পেমেন্ট না করা ও লোভনীয় অফার বর্জন করা, সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট বর্জন করা, অপরাধস্থলে প্রবেশ না করে সেখানে থাকা সকল বস্তু ইনট্যাক্ট রাখা।
শহরের রূপসা মোড় এলাকায় এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।
কেএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের অধিকাংশ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে না পৌঁছানো পর্যন্ত টি-শার্ট বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন