দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপির ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি

মো. নুরুল আমিন, খুলনা প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৭:৪০ পিএম
দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপির ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ইজিবাইক চালকদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় নগরীর শিরোমণি বাসস্ট্যান্ড এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি পুলিশ কমিশনার বলেন, “মোড়গুলোতে যত্রতত্র পার্কিং করবেন না। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। ইজিবাইক চালক যেমন একটি পরিবারকে প্রতিনিধিত্ব করেন, একই সঙ্গে যাত্রীরাও কয়েকটি পরিবারের প্রতিনিধিত্ব করেন। তাই সকল চালকদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। তার অসর্তকতা বা অসাবধানতার কারণে যানবাহন দুর্ঘটনার কবলে পড়লে প্রত্যেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি বলেন, “আমরা যদি সকলেই নিয়ম মেনে রাস্তায় চলাচল করার অভ্যাস গড়ে তুলি, তাহলেই খুলনা মহানগরকে নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

এসময় কেএমপির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ছয়রুদ্দীন আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার হোসেন আহম্মদ, পুলিশ সদস্যবৃন্দ, ইজিবাইক চালক, সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতাসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

ইএইচ