সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বুধবার বিকেলে তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ ও পথসভা করেন।
জনসংযোগ শেষে তিনি তাড়াশ প্রেস ক্লাবের হলরুমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন।
প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “সাংবাদিক সমাজ জাতির দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন; এতে দেশ ও জাতির মঙ্গল বয়ে আসবে। সাংবাদিক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি সৎভাবে দায়িত্ব পালন করেন, তাহলে দেশে অনিয়ম-দুর্নীতি থাকার কথা নয়।”
তিনি আরও বলেন, “রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার সর্বস্তরের মানুষ আমার কাছে সমান। আমাদের পরিচয় আমরা বিএনপি, আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের প্রতীক ধানের শীষ। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী রনি, যুগ্ম সম্পাদক মহসীন আলী প্রমুখ।
অপরদিকে বিকেলে ভিপি আয়নুল হক তাড়াশ পৌর শহরের হাসপাতাল গেট, বাসস্ট্যান্ড, বারোয়ারী বটতলা, পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় ও জিকেএস স্কুল মাঠ এলাকায় জনসংযোগ করেন। এসময় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন