ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (সদর) ও ফেনী-৩ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন দলটির দুই নেতা।
শনিবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র কেনেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ফরমের ন্যূনতম মূল্য ১০ হাজার টাকা, জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য ২ হাজার টাকা। এতে ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের ও ফেনী-৩ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আরেক সদস্য জাহিদুল ইসলাম সৈকত।
এর মধ্যে ফেনী-১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করবে না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় প্রধানের এমন ঘোষণার পরও ওই আসনে মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
মনোনয়ন ফরম নেওয়ার পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
জাহিদুল ইসলাম সৈকত বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি তরুণদের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এ আসনের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন