দুদক কমিশনার

প্রজাতন্ত্রের কর্মচারীকে শাস্তি দিয়েও দুর্নীতি থেকে প্রতিহত করা যায় না

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৩:৫৯ পিএম
প্রজাতন্ত্রের কর্মচারীকে শাস্তি দিয়েও দুর্নীতি থেকে প্রতিহত করা যায় না

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজে যোগদান করেই দুর্নীতি শিখে না। “সে তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন অবস্থায় ক্যান্টিনে খাবারের পর কম বিল দিয়েছে বা বিল না দিয়ে চলে এসেছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যোগদানের পর সেই খারাপ অভ্যাসটি কঠিন শিলার মতো হয়ে গেছে। তাকে কোন বানী বা কোন উপদেশ, কোন শাস্তিই দুর্নীতি থেকে প্রতিহত করতে পারবে না।”

তিনি সোমবার সকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে সমন্বিত জেলা দুদক কার্যালয় আয়োজিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, “যেখানে ন্যায্য বিচারের ব্যত্যয় ঘটেছে, সেখানে আরেকজন বিবেকবান মানুষের উচিত সেখানে বাধা দেওয়া। আমরা যেখানেই দেখব যার প্রাপ্য তাকে দেওয়া হচ্ছে না বা বাধা দেওয়া হচ্ছে, সেটিই হবে নীতিপরিপন্থী বা দুর্নীতি। প্রতিটি পরিবারের কর্তা কেমন ভালো থাকবেন, কতটুকু তিনি তার ইমানী দায়িত্ব পালন করবেন, সেটি নির্ভর করছে তার সহধর্মিনীর উপর। যদি সে সন্তুষ্ট হন, তাহলে ওই কর্তা তার সীমিত আয়ের মধ্যেই দায়িত্ব পালন করবেন, এমনকি সামাজিক কর্মকাণ্ড দেখেশুনে রাখবেন। কিন্তু যদি তার সহধর্মিনী অসন্তুষ্ট হন, তাহলে তা সম্ভব নয়।”

দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসেন।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দিনব্যাপী দিনাজপুর এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পাসপোর্ট অফিস, সিঙ্গা প্রকৌশল অধিদপ্তর, নির্বাচন অফিস, বিআরটিএ, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন সরকারি অফিসের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের শুনানি করা হয়।

ইএইচ