মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুলবাস, গ্রামীণ ব্যাংক কার্যালয় ও গাছে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
একরাতে তিনটি অগ্নিকাণ্ডের এ ঘটনাকে নাশকতা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিবালয় উপজেলার উথলী মোড় এলাকায় ফিলিং স্টেশনে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি মিনিবাসে হঠাৎ আগুন দেখা যায় স্থানীয়দের।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে।
জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মালিকানাধীন মুন্নু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিদিনের মতো রোববারও ফিলিং স্টেশনের একপাশে বাসে যাত্রীবহন করছিল।
জেলা বিএনপির আহ্বায়ক সত্যেনকান্ত পন্ডিত ভজন জানান, এটি একটি পরিকল্পিত নাশকতার ঘটনা। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ বিএনপি দলীয় প্রার্থীর জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে এ ধরনের নাশকতার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনা তদন্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, “স্কুলবাসে আগুন দেওয়ার মতো বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই। বিএনপি কখনোই নাশকতাকে প্রশ্রয় দেয় না। প্রতিপক্ষ ভিন্ন কৌশল অবলম্বন করছে, যা মোটেও কাম্য নয়।”
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আমান উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নাশকতা। ঘটনাস্থলের পাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। শীঘ্রই অগ্নিকান্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এদিকে রাত ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় রাস্তার পাশে একটি গাছে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়া সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা অফিস ভবনের সামনেও আগুনের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাতের যে কোন সময় পেট্রোল দিয়ে পাটের বস্তায় আগুন ধরিয়ে দেয়। মানিকগঞ্জ পুলিশ সুপারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জনমনে আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন